কক্সবাজারের উখিয়ায় পূর্ব রত্মা মৈত্রি বৌদ্ধ বিহারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে বিহারটি। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উখিয়া উপজেলার পূর্ব রত্মা পালং বৌদ্ধ বিহারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কক্সবাজার থেকে ফায়ার সার্ভিসের একটিদল ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত বিভাবে হয়েছে তার কারণ জানাতে পারেনি স্থানীয় প্রশাসন।
স্থানীয় ইউপি মেম্বার মোক্তার আহমদ জানিয়েছেন, ওই বৌদ্ধ বিহারে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। এ সময় কক্সবাজার ফায়ার সার্ভিসকে দ্রুত খবর দেওয়া হয়।
তিনি স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের বরাত দিয়ে জানান, বিহারে দায়িত্বরত ভান্তেরা সবাই একটি অনুষ্ঠানে যোগ দিতে বিহারে বাইরে ছিল। এ সময় ছোট ছোট ২জন ভান্তে বিহারের একটি রুমে মোম প্রজ্বলন করছিল। ওই মোম বাতি থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে আগুন লাগার কারণ তদন্ত করে দেখছেন। কোন নাশকতা কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে পুরো বিষয়টি তদন্ত না করা পর্যন্ত আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তার কোন কারণ জানাতে অপরাগতা প্রকাশ করেন তিনি।
/এমডিপি/








