কক্সবাজারে অপহরণের ১৪দিন পর সাকিবুল হাসান (৭)নামে এক শিশুকে উদ্ধার করেছে র্যাব-৭। এসময় দুই অপহরণকারীকে আটক করা হয়েছে। সোমবার রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়।
সাকিবুল হাসান টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকার যুক্তরাষ্ট্র প্রবাসী আমির হোসেনের ছেলে।
আটককৃতরা হলেন, টেকনাফের বাহারছড়া দক্ষিণ বড়ডেইল এলাকার মো. আমীন (২২)ও কলাতলী ঝরঝরি পাড়ার মো. আলাউদ্দীন (৩০)।
মঙ্গলবার দুপুরে কক্সবাজার র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে র্যাবের কোম্পানি কমান্ডার আশেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনের পর অপহৃত শিশুকে মা আয়েশা বেগমের হাতে তুলে দেওয়া হয়।
এসময় অপহৃত শিশুর মা আয়েশা বেগম সাংবাদিকদের জানান, গত ২১ ফেব্রুয়ারি বিকাল ৫টার দিকে মাঠে খেলতে যাওয়ার পর সাকিবুল নিখোঁজ হয়। এরপর তিনদিন তার কোনও খোঁজ পাওয়া যায়নি। পরে অজ্ঞাত মোবাইল নাম্বার থেকে ফোন করে সাকিবুলকে অপহরণ করা হয়েছে বলে জানায় অপহরণকারীরা। তাকে ফিরে পেতে আড়াই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। না দিলে সাকিবুলকে হত্যার হুমকি দেয় অপহরণকারীরা। এরপর বিষয়টি উখিয়া থানা পুলিশকে জানানো হয়। শেষ পর্যায়ে র্যাবের কাছে অভিযোগ করা হয়। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি আবার ফোন করে ৭০ হাজার টাকা দাবি করে অপহরণকারীরা। আটক অপহরণকারীর একজন নিজ এলাকার বাসিন্দা হলেও তাকে চিনেন না বলে জানান আয়েশা বেগম।
সংবাদ সম্মেলনে কক্সবাজার র্যাব কার্যালয়ের কোম্পানি কমান্ডার লে. আশেকুর রহমান রহমান জানান, গত ২৭ ফেব্রুয়ারি অপহৃত শিশু সাকিবুল হাসানের মা আয়েশা বেগমের (২৮)লিখিত অভিযোগ পেয়ে র্যাব শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে। এরপর অপহরণকারীদের শনাক্ত ও তাদের অবস্থান জানার চেষ্টা করা হয়। এক পর্যায়ে তাদের অবস্থান নিশ্চিত হয়ে ফাঁদ পাতা হয়। এর অংশ হিসেবে অপহরণকারীদের দাবি অনুসারে মুক্তিপণের টাকা নিয়ে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় শিশুর মাকে কলাতলী পাঠানো হয়। র্যাব সদস্যরা তাকে অনুসরণ করতে থাকে। শেষে রাত দেড়টার দিকে দু’অপহরণকারী মুক্তিপণ নিতে আসলে সাদা পোশাকে ওঁৎ পেতে থাকা র্যাব সদস্যরা তাদের হাতেনাতে আটক করে। পরে তাদের নিয়ে অভিযান চালিয়ে কলাতলীর ঝরঝরি পাড়ার আস্তানা থেকে শিশু সাকিবকে উদ্ধার করা হয়।
র্যাবের কোম্পানি কমান্ডার আশেকুর রহমান রহমান বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনুমান করা হচ্ছে আটককৃতরা অপহরণকারী চক্রের সদস্য। তাদের আরও লোক থাকতে পারে। এ ব্যাপারে অনুসন্ধান চলছে। আটক দু’ অপহরণকারীকে থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হবে।
/জেবি/
আরও পড়তে পারেন: সাংবাদিক দীপঙ্কর হত্যায় জড়িত ছিল রাজীব: বগুড়া পুলিশ







