ব্রাহ্মণবাড়িয়ার কসবা নিমবাড়ী গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে রহিজ মিয়া (৫৭) নামে একজন নিহত ও একই সময়ে পুলিশের ওপর হামলার ঘটনায় কসবা থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
সোমবার (১০ এপ্রিল) রাতে নিহত রহিজ মিয়ার স্ত্রী নারগিস আক্তার বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। অন্যদিকে সংঘর্ষ চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনায় কসবা থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ৩ থেকে ৪শ জনকে আসামি করে অপর একটি মামলা দায়ের করেন।
এর মধ্যে পুলিশের ওপর হামলার ঘটনায় ৭ জন এবং হত্যা মামলায় ১ জনসহ মোট ৮ জনকে দুই মামলায় গ্রেফতার করা হয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মহিউদ্দিন আহম্মেদ জানান, দুটি মামলায় আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, বিগত ইউনিয়ন পরিষদের নির্বাচনের বিরোধের জের ধরে নিমবাড়ি গ্রামের বিবাদমান জমসেদ মিয়া এবং নাবালক মিয়ার লোকজনের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে উভয়পক্ষের লোকজন মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বুকে টেঁটাবিদ্ধ হয়ে নাবালক মিয়ার পক্ষের রহিজ মিয়া ঘটনাস্থলে প্রাণ হারান। পরে সংর্ঘষের খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে এসে ২৫ রাউন্ড শর্টগানের গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
/এআর/








