পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের উচ্ছেদে মঙ্গলবার থেকে অভিযানে নামছে চট্টগ্রাম জেলা প্রশাসন। সোমবার বিকালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পাহাড় ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব আব্দুল জলিল অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেন।
সভায় আব্দুল জলিল বলেন, পাহাড় ব্যবস্থাপনা কমিটি ইতোমধ্যে ৩০টি ঝুঁকিপূর্ণ পাহাড় চিহ্নিত করেছে। এসব পাহাড়ে যেসব বসতি রয়েছে সবগুলোই অবৈধ। কিছু চিহ্নিত ব্যক্তি পাহাড় কেটে এসব বসতি নির্মাণ করেছে। অবৈধ এসব বসবাসকারীদের উচ্ছেদে মঙ্গলবার থেকে অভিযান পরিচালনা করা হবে। এর আগে ঝুঁকিপূর্ণ এসব এলাকায় গ্যাস, বিদ্যুৎ ও পানির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
বিভাগীয় কমিশনার রুহুল আমিনের সভাপতিত্বে সভায় বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ঝুঁকিপূর্ণ পাহাড়গুলো উচ্ছেদ পরবর্তী সময়ে ব্যাপক বনায়ন, নগর এবং উপজেলা পর্যায়ে ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নাম অগ্রাধিকার ভিত্তিতে গৃহহীনের তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
/বিএল/







