কুমিল্লার চান্দিনা উপজেলা থেকে নিখোঁজের দুই দিন পর দুই বোনকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে সিলেট নগরী থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার দুজন হলো, চান্দিনা উপজেলার কাদুটি গ্রামের আনিকা সুলতানা ঋতু (১৩) ও মাহিদা আক্তার রিয়া (৮)। তাদের মধ্যে ঋতু কংগাই উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (৩১ মে) অভিমান করে ছোটবোনকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় ঋতু। অনেক খোঁজাখুঁজি করে তাদের কোনও সন্ধান না পেয়ে চান্দিনা থানায় একটি সাধারণ ডায়েরি করে তাদের বাবা। শুক্রবার সন্ধ্যার পর সিলেট শহরে তাদের আটক করে পুলিশ। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ সিলেট থেকে তাদের উদ্ধার করে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা জানান, দুই বোন নিখোঁজের পর আমরা বিভিন্ন পুলিশ স্টেশনে ম্যাসেজ পাঠায়।
উদ্ধার হওয়া দুই বোনকে শনিবার তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন ওসি নাছির উদ্দিন মৃধা।
/এমডিপি/








