দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সোমবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আন্তর্জাতিক নৌবন্দর থেকে ছয়টি নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আশুগঞ্জ নৌবন্দরের পরিদর্শক মো. শাহ আলম।
তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে মেঘনা নদীতে প্রচণ্ড ঢেউ উঠেছে। এছাড়াও আশুগঞ্জ নৌবন্দর এলাকায় দুই নম্বর সর্তক সঙ্কেত জারি করা হয়েছে। এ কারণে সোমবার সকাল ১০টা থেকে মেঘনা নদীতে নৌযান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিআই ডব্লিওটিএ কর্তৃপক্ষ।
আশুগঞ্জ নৌবন্দরের পরিদর্শক মো. শাহ আলম আরও জানান বৈরী আবহাওয়ার কারণে ঢাকা- আশুগঞ্জ-সুনামগঞ্জ-আশুগঞ্জ-নারায়নগঞ্জ - চাঁদপুরসহ অভ্যন্তরিন মোট ছয়টি নৌরুটে লঞ্চ ও কার্গোসহ সব ধরণের নৌযান চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে ।
এ ব্যাপারে আশুগঞ্জ বন্দর নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. হাবিবুল্লাহ বাহার মাস্টার সাংবাদিকদের জানান,আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত নৌ চলাচল বন্ধ রাখা হবে।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে সবচেয়ে কষ্টে পড়েছেন নৌবন্দরে কাজ করা শ্রমিক ও দিনমজুররা। আশুগঞ্জ নৌবন্দরে সব ধরনের পণ্য ওঠানামা বন্ধ থাকায় তাদের দৈনিক উপার্জন বন্ধ রয়েছে। আবহাওয়া অনুকূলে আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানান সংশ্লিষ্টরা।
/জেবি/
আরও পড়তে পারেন: হোটেল রেইনট্রির ধর্ষণ মামলার পরবর্তী তারিখ ১৯ জুন








