মানুষের দুঃখ দুর্দশায় আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে থাকে উল্লেখ করে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘যারা দুঃখ দুর্দশার কথা বলে প্রেস ব্রিফিং করে কিন্তু জনগণের পাশে গিয়ে দাঁড়ায় না, তাদের চিনে রাখুন।’ দুদিনের প্রবল বর্ষণে বান্দরবানে বন্যা ও পাহাড় ধসে ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। এই ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণের জন্য রাঙামাটি হয়ে বান্দরবান আসেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী আরও বলেন,‘আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। শেখ হাসিনা সরকার প্রত্যেক দুর্যোগে জনগণের পাশে আছে, আগামীতেও থাকবে।
বুধবার দুপুরে সেতু মন্ত্রী বান্দরবান শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুবল আলম হানিফ, পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পৌর মেয়র ইসলাম বেবী ও স্থানীয় আওয়ামী লীগ নেতারাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলার ১০টি আশ্রয় কেন্দ্রের ৫শ’ ৩১টি পরিবারকে ২০ কেজি করে চাল এবং পাহাড় ধসে নিহত প্রতি পরিবারকে ৩০ হাজার করে দেন। আহতদের চিকিৎসার জন্য ৫ হাজার টাকা দেন।
অন্যদিকে পাহাড় ধসে নিখোঁজ কামরুন্নাহার ও তার মেয়ে সুখিয়া বেগম এর মৃতদেহ উদ্ধার করার পর বান্দরবানের উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়।
/জেবি/
আরও পড়তে পারেন: নারায়ণগঞ্জে আড়াইমাসের শিশুকে ডোবায় ফেলে হত্যা, বাবা ও দাদি আটক







