সারাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৬৮তম জন্মদিন পালিত হয়েছে ৫ আগস্ট। তবে বান্দরবানে ৯৮ তার তম জন্মদিন পালন করেছে পৌর যুবলীগ। শনিবার (৫ আগস্ট) বিকালে বান্দরবানে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেখ জামালের জন্মদিন উপলক্ষে যে মিলাদ মাহফিলের আয়োজন করা হয় তার ব্যানারে ৯৮ তম জন্মদিনই লেখা ছিল।
শনিবার বিকাল ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সভাপতি মো. হোসেন, সদস্য সচিব মো. ওমর, পৌর যুবলীগের আহ্বায়ক কমিটির সভাপতি মো. আকবর, পৌর যুবলীগের সদস্য সচিব কে এ এন এহসানসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে মিলাদ মাহফিলের ব্যানারে ৬৮তম জন্মদিনের স্থলে ৯৮তম জন্মদিন লেখা নিয়ে বান্দরবান আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জেলা আওয়ামী লীগের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা বলেন, ‘জাতির জনকের জ্যেষ্ঠ পুত্র হচ্ছেন শেখ কামাল। শেখ কামাল স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণ নিয়ে মুক্তিবাহিনীতে কমিশন লাভ করেন। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানির এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর শেখ কামাল সেনাবাহিনী থেকে অব্যাহতি নিয়ে লেখাপড়ায় মনোনিবেশ করেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ছিলেন এবং শাহাদাত বরণের সময় বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন জাতীয় ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণের সময় তিনি সমাজ বিজ্ঞান বিভাগের এমএ শেষ পর্বের পরীক্ষা দিয়েছিলেন। যারা শেখ কামালের ভুল জন্মদিন পালন করেছে তারা বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।’
এ বিষয়ে পৌর যুবলীগের আহ্বায়ক কমিটির সভাপতি মো. আকবরের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সভাপতি মো. হোসেন বলেন, ‘অনুষ্ঠান শুরু হওয়ার পর সেখানে যাই। তবে ব্যানার আগেই লেখা হয়ে গেছে। তখন পৌর যুবলীগের সবাইকে সতর্ক করি এটা ভুল হয়েছে, এরকম ভুল যাতে আর না হয়।’
এ বিষয়ে পৌর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সচিব এহসান বলেন, ‘শনিবার (৫ আগস্ট) শেখ কামালের ৬৮তম জন্মদিন এটা ভুলে গেছিলাম। তবে জানার পর ব্যানারটি ঠিক করতে বলেছিলাম। কিন্তু তারা ঠিক না করায় ৯৮তম জন্মদিনের ব্যানার দিয়েই ৬৮তম জন্মদিন পালন করা হয়েছে।’
/এফএস/
আরও পড়ুন- ‘ঘরবাড়ি চাই না, কাজ চাই’








