এবারের কোরবানির ঈদে গরুর বাজার বসলেও ক্রেতার অভাবে এখনো জমছে না গরু বাজার। বান্দরবানের কালাঘাটায় শুক্রবার প্রথম গরুর বাজার বসলেও কোনও বেচা-কেনা না থাকায় হতাশ হয়ে বাড়ি ফিরছে বিক্রেতারা। শনিবারও বালাঘাটায় বসেছে গরু বাজার। প্রথমদিন ক্রেতা না থাকলেও দ্বিতীয় দিন ক্রেতার আশায় বিক্রেতারা গরু নিয়ে বাজারে এসেছেন। এখনো গরু বিক্রি করতে না পারায় হতাশ বিক্রেতারা।
বান্দরবান বালাঘাটা গরুর বাজারে গিয়ে দেখা গেছে, অন্য বছরের তুলনায় বাজারে গরুর সংখ্যা অনেক কম। ক্রেতা কম থাকায় অধিকাংশ গরু বিক্রেতাই অলস সময় পার করছেন।
এ ব্যাপারে গরু বিক্রেতা মংসানু মার্মা বলেন, ‘আমাদের পাড়া থেকে ৪-৫ জন মিলে গতকালও কালাঘাটা বাজারে গরু নিয়ে এসেছিলাম। কিন্তু গরুর দামের সঙ্গে ক্রেতার দামের অনেক ব্যবধান। ক্রেতার দামে গরু বিক্রি করলে লাভ তো দূরের কথা, আসলও উঠে না। এ কারণে আজ আমি আসলেও অন্যরা আসেনি।
আরেক গরু বিক্রেতা হ্লাচিং বলেন, ‘আমি গরুর দাম বলছি ৮৫ হাজার টাকা। কিন্তু ক্রেতা বলছে মাত্র ৫০ হাজার টাকা। এভাবে হলে আমরা গরু বিক্রয় করতে পারব না।’
গরু কিনতে গিয়ে মো. হাফেজ বলেন, ‘বিভিন্ন জায়গায় গরুর দাম কমে গেছে। কিন্তু এখানে গরুর দাম গত বছরের মতই বেশি চাইছে বিক্রেতারা। বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্য না থাকায় আমরা কেউ গরু কিনতে পারছি না। তবে আশা করছি সামনের বাজারে দাম কমে আসবে, তখন কিনব।
এ ব্যাপারে বালাঘাটা বাজার কমিটির আহ্বায়ক কামাল মেম্বার বলেন, ‘বিভিন্ন জায়গায় গরুর দাম কমে গেছে শুনে এ বছর অনেকেই গরু বিক্রি করতে চাইছে না। এ কারণে গরুর বাজারে গরু কম উঠছে। এছাড়া গরু কিনে রাখার মত জায়গাও অনেকের নেই। তাই আশা করছি শেষ বাজারে ক্রেতা-বিক্রেতা ভালো থাকবে। বেচা কেনাও ভালো হবে।
আরও পড়তে পারেন: দিনাজপুরে দু’টি মন্দিরে প্রতিমা ভাঙচুর








