মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যে গণহত্যা চলছে তা মানবাধিকারের সবচেয়ে বড় লঙ্ঘন, বলে আখ্যায়িত করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান রিয়াজুল হক। রবিবার কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়কেন্দ্র পরিদর্শনকালে তিনি একথা বলেন।
এসময় তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে মিয়ানমারের বিচার হওয়ার দাবিও জানান। এছাড়া কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নানা বিষয়ে খোঁজ-খবর নেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালীসহ বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে যান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। এসময় তিনি রোহিঙ্গাদের কাছ থেকে মিয়ানমারে গণহত্যা ও বসতবাড়িতে অগ্নিসংযোগের বর্ণনা শুনেন।
এসময় তার সঙ্গে কক্সবাজার জেলা প্রশাসন ছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







