নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজ (আমাউমেক) শাখা ছাত্রলীগের সভাপতি মনির হোসেনের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার দায়ে কলেজের ১২ ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও অর্থদণ্ড করেছে কলেজ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাত ৮টায় কলেজের অধ্যক্ষ ডা. মীর হামিদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কলেজের ষষ্ঠ ব্যাচের ছাত্র মো. ফরহাদুল ইসলামকে দুই বছরের জন্য, সপ্তম ব্যাচের ছাত্র কৌশিক হোসেনকে দুই বছরের জন্য, অষ্টম ব্যাচের হোসাইন মো. আশরাফকে দুই বছর, একই ব্যাচের সাইফুল ইসলাম জুয়েলকে দুই বছর, ষষ্ঠ ব্যাচের জাবেদ আহমেদ মুন্নাকে ছয় মাস ও ১০ হাজার টাকা জরিমানা, ষষ্ঠ ব্যাচের সাব্বির হোসেনকে ছয় মাস ও ১০ হাজার টাকা জরিমানা, অষ্টম ব্যাচের কাওসারকে ছয় মাস ও ১০ হাজার টাকা জরিমানা, একই ব্যাচের রায়হানকে ছয় মাস, সপ্তম ব্যাচের আসিফ আরাফাতকে ছয় মাস, অষ্টম ব্যাচের আল শাহরিয়ার হৃদয়কে ছয় মাস, ষষ্ঠ ব্যাচের হামিম পাটোয়ারীকে ছয় মাস এবং ষষ্ঠ ব্যাচের সিদ্ধার্থ শংকর দাসকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. বাপ্পা গৌতম জানান, রাতে কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, ২৩ অক্টোবর মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মনির হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় জড়িত থাকায় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলেজ শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ও মেডিসিন ক্লাবের সভাপতি পঞ্চম ব্যাচের ছাত্র জাবেদ মুন্না, কলেজ হলের সাধারণ সম্পাদক ও মেডিসিন ক্লাবের সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলামকে বহিষ্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ। ২৫ অক্টোবর তাদের বহিষ্কার করা হয়।







