কক্সবাজারে জঙ্গি সন্দেহে মো. রেদোয়ান রহমান ওরফে হৃদয় (১৮) নামে একজনকে আটক করেছে র্যাব-৭। মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোর রাতে শহরের ঘোলদিঘীর পাড় থেকে তাকে আটক করা হয়।
আটক রেদোয়ান রামু উপজেলার শ্রীধনপাড়া গ্রামের আ. কাদের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-৭ এর কক্সবাজার কার্যালয়ের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, ফেসবুকের মাধ্যমে জঙ্গি উস্কানিমূলক কার্যক্রম পরিচালনা করার অভিযোগে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মোবাইল ফোনে ইলেক্ট্রনিক প্রযুক্তি ব্যবহার করে জঙ্গিবাদকে উস্কে দেওয়ার প্ররোচনার অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে সে ফেসবুক ব্যবহার করে জঙ্গি উস্কানিমূলক কার্যক্রমের কথা স্বীকার করেছে।
পরবর্তীতে তার ফেসবুক আইডি থেকে পোস্ট দেওয়া জঙ্গিবাদ বিষয়ক বিভিন্ন পোস্ট এবং ভিডিও উদ্ধার করা হয়। এছাড়াও তার মেসেঞ্জার ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করার যথাযথ প্রমাণ পাওয়া গেছে বলেও জানায় র্যাব। তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:
ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহর পার হতেই দুই বাসে আগুন








