সড়ক ও জনপথ অধিদফতরের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে রাঙামাটিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাঙামাটি চেম্বার অব কমার্সের সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় জানানো হয়, ওয়ার্কচার্জডভুক্ত কর্মচারীদের নিয়মিত না করার ফলে এসব কর্মচারী এখন মানবেতর দিন কাটাচ্ছেন। হাইকোর্টের রায়ের পরও ওয়ার্কচার্জডভুক্ত কর্মচারীদের নিয়মিত না করায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত নিয়মিতকরণের দাবি জানান।
বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোক্তার আহমেদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কালামনি চাকমা, সাধারণ সম্পাদক আবুল হাসেম, শ্রমিক নেতা তোফায়েল আহমেদ, নাদিরুজ্জামান ও সামসুদ্দিন আজাদসহ প্রমুখ।







