বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘দেশ এখন গভীর সংকটে রয়েছে। সমঝোতার মাধ্যমে সরকারকে এ সংকট নিরসন করতে হবে। আমরা ভোটের অধিকার হারিয়েছি, গণতন্ত্র হারিয়েছি, মৌলিক অধিকার হারিয়েছি, আইনের শাসন হারিয়েছি। সংবাদপত্রের স্বাধীনতা নেই। সর্বশেষ বিচার বিভাগের স্বাধীনতা হারিয়েছি। খালেদা জিয়া এবং জাতীয়তাবাদী দলের নেতৃত্বে এই অধিকারগুলো ফিরিয়ে আনতে হবে। আমরা চাই একটি সমঝোতার মাধ্যমে আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক।’
আজ শুক্রবার (২৪ নভেম্বর) নোয়াখালীর মাইজদীতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির নির্বাহী কমিটির প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, ‘এই সরকার বিএনপির অগণিত নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বিধায় ধৈর্য্য ধরে আছি। যদি সমঝোতা না করে ২০১৪ সালের মতো নির্বাচন করতে চায় জনগণ তা কখনও হতে দেবে না।’
তিনি আরও বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে সংবিধান কেন বাধা হবে। যারা বারবার সংবিধানের দোহাই দিয়ে যাচ্ছে, তাদের মুখে এগুলো শোভা পায় না। যদি সরকার দেশের ভালো চায়, অগ্রগতি চায় এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চায় তাহলে সমঝোতায় আসতে সংবিধান কোনও বাধা হবে না।’
ব্যারিস্টার মওদুদ আরও বলেন, ‘১৯৯১ সালে বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছিল তাও সংবিধান সম্মত ছিল না। একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য সমঝোতার কোনও বিকল্প নেই।’
জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু, মোহাম্মদ শাহাজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ও শামীমা বরকত লাকী। এছাড়াও জেলা, উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








