খাগড়াছড়িতে শিশু ধর্ষণ মামলায় মো. মোস্তফাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক রত্নেশ্বর ভট্টাচার্য। বৃহস্পতিবার দুপুরে এই আদেশ দেওয়া হয়। সাজাপ্রাপ্ত আসামী মোস্তফাকে খাগড়াছড়ি জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৮ মার্চ দিঘীনালা উপজেলার মধ্যম বোয়ালখালী এলাকার চার বছর বয়সী এক শিশু নদীতে গোসল করতে গেলে আসামী মোস্তফা তাকে তামাক ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় শিশুটির বাবা জিমিত চাকমা বাদী হয়ে দিঘীনালা থানায় নারী ও শিশু নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পরপরই দিঘীনালা থানা পুলিশ উপজেলার মধ্যবেতছড়ি এলাকার করম আলীর ছেলে মোস্তফাকে গ্রেফতার করে।
এই মামলায় গত ৩০ এপ্রিল ২০০৯ সালে তদন্তকারী কর্মকর্তা খোকন চন্দ্র দেবনাথ চার্জশিট প্রদান করেন। এই মামলায় মোট ৯ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। মামলাটি সাক্ষ্য প্রমাণে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় শেষে আসামিকে খাগড়াছড়ি জেলা কারাগারে পাঠানো হয়েছে।







