২৪ ঘণ্টারও বেশি সময় পর মেঘনা নদীতে বিকল হয়ে আটকে পড়া যাত্রীবাহী লঞ্চ গ্রিন লাইন-২ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় বিকল হওয়া লঞ্চটি উদ্ধার করা হয় আজ শনিবার (২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন লঞ্চের স্বত্ত্বাধিকারী আলাউদ্দিন।
তিনি বলেন, “আটকে পড়া যাত্রীদের তিনটি ছোট লঞ্চের মাধ্যমে শুক্রবার রাতেই বরিশাল পৌঁছে দেওয়া হয়েছে। আর আজ শনিবার দুপুর ১টার দিকে যাত্রীবাহী লঞ্চ ‘গাজী’র সাহায্যে ঘটনাস্থল থেকে গ্রিন লাইন লঞ্চটি ঢাকায় আনা হয়েছে।”
এক প্রশ্নের জবাবে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার অভিজ্ঞতা হলো, এ ধরনের পরিস্থিতিতে সরকারি কোনও সংস্থার কাছে কোনও সাহায্য আশা করে লাভ নেই। তাই আমি আরেকটি জাহাজ রেডি করছি। যেন কোথাও কোনও সমস্যা হলে আমার নিজের জাহাজ দিয়েই উদ্ধার করতে পারি।’
উল্লেখ্য, ৫৬৮ জন যাত্রী নিয়ে শুক্রবার সকাল ৮টায় ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে লঞ্চ গ্রিন লাইন-২। দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের হরিণা এলাকায় লঞ্চটি বিকল হয়ে যায়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত সরকারি কোনও সংস্থা যাত্রীদের খোঁজ নেয়নি। ফলে লঞ্চে দেখা দেয় খাবার সংকট। আর সন্ধ্যা হয়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্কও তৈরি হয়।
গ্রিন লাইন-২ লঞ্চের মাস্টার ফরিদুল ইসলাম বলেন, ‘লঞ্চটি আনকন্ট্রোল হয়ে গিয়ে চরের সঙ্গে ধাক্কা লাগে। তখন আমি পেছনে এসে দেখি বাম পাশের রাডারটা নেই। এরপর লঞ্চ অ্যাংকর করে রাখি।’
আরও পড়ুন- মেঘনায় বিকল লঞ্চের যাত্রীদের উদ্ধার








