সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরীর কুলখানী অনুষ্ঠানে পদদলিত হয়ে ১০ জনের মৃত্যুর ঘটনায় চট্টগ্রামের রিমা কমিউনিটি সেন্টারের কার্যক্রম সাময়িক বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) জাহাঙ্গীর আলম।
বাংলা ট্রিবিউনকে জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘটনার তদন্তে জেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তারা ঘটনা খতিয়ে দেখবেন। ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরির্দশন করবেন। এর আগে কোনও আলামত যেন নষ্ট না হয় সেজন্য কমিউনিটি সেন্টারের কার্যক্রম সাময়িক স্থগিত রাখতে বলা হয়েছে। পুলিশি ইনকোয়ারি শেষ না হওয়া পর্যন্ত এখানে কোনও প্রোগ্রাম আয়োজন করা যাবে না।’
তিনি আরও বলেন, ‘পুলিশি তদন্তে কমিউনিটি সেন্টার কর্তৃপক্ষের দোষ-ত্রুটি ধরা পড়লে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
প্রসঙ্গত, মহিউদ্দিন চৌধুরীর কুলখানী উপলক্ষে সোমবার (১৮ ডিসেম্বর) নগরীর রিমা কমিউনিটি সেন্টারসহ ১৪টি কমিউনিটি সেন্টারে মেজবানের আয়োজন করে তার পরিবার। এর মধ্যে রিমা কমিউনিটি সেন্টারে সনাতন ধর্মাবলম্বীদের জন্য আয়োজন করা হয়। দুপুরে সেখানে মেজবান খেতে হুড়োহুড়িতে পদদলিত হয়ে ১০ জন মারা যান। আহত হন আরও ১০/১২জন। নিহতরা সবাই সনাতন ধর্মাবলম্বী ছিলেন। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন-
মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে নিহত ১০
চট্টগ্রামে পদদলিত হয়ে নিহতের ঘটনায় মামলা








