ছাত্রলীগ নেতা দিয়াজ হত্যা মামলায় গ্রেফতার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে ছাত্রলীগ নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি ও দিয়াজ হত্যা মামলার আসামি আলমগীর টিপুর নেতৃত্বে মিছিলটি করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে দিয়াজ হত্যা মামলার অন্যান্য আসামিদের অংশ নিতে দেখা যায়।
প্রসঙ্গত, এর আগে গত সোমবার দিয়াজ হত্যা মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে করলে আদালত আনোয়ার হোসেন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর প্রতিবাদে পরদিন পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করেন। এরই অংশ হিসেবে আজ বুধবার তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। ২১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ করবে ছাত্রলীগের এই পক্ষের নেতাকর্মীরা।







