খালেদা জিয়ার উকিল নোটিশ পাঠানোর কথা উল্লেখ করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন,‘খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে উকিল নোটিশ দিয়েছে, তা একটি আইন বিষয়, এর মোকাবিলা আইনিভাবেই করা হবে। বৃহস্পতিবার দুপুরে বান্দরবানে বোমাং রাজার খাজনা আদায় উৎসব ‘রাজপুন্যাহ মেলা’য় অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার থেকে বান্দরবানে তিন দিনব্যাপী বোমাং রাজার ঐতিহ্যবাহী ১৪০তম খাজনা আদায় উৎসব রাজপুন্যাহ মেলা শুরু হয়েছে। দুপুর ১টায় অতিথি সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সঙ্গে নিয়ে ঐতিহ্য অনুযায়ী রাজা ইঞ্জিনিয়ার উ চ প্রু ‘রাজ পোষাকে’ সজ্জিত হয়ে ও তরবারি হাতে নিয়ে বাদ্যের তালে তালে উজির নাজীর এবং সৈন্য সামন্ত নিয়ে রাজমাঠে নির্মিত সিংহাসনে বসেন।
এসময় অর্থ মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক এমপি, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার, ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার জোবায়ের ছালেহীন, জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সেতুমন্ত্রী পার্বত্য শান্তি চুক্তির বিষয়ে বলেন,‘পাহাড়ের উন্নয়নসহ মানুষের প্রতি শেখ হাসিনা খুব বেশি আন্তরিক, তাই শেখ হাসিনা শান্তি চুক্তি করে দীর্ঘ দিনের রক্তক্ষয়ী সংঘাত বন্ধ করে, শান্তি প্রতিষ্ঠা করেছেন।’
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন, ‘এই সরকারের মেয়াদেই শান্তি চুক্তির বাকি শর্ত অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।’
রাজা সিংহাসনে বসে ১০৯টি মৌজার হেডম্যান ও কারবারিসহ প্রজাদের কাছ থেকে অনুষ্ঠানিক খাজনা (কর) আদায় করেন। এসময় বোমাং সার্কেলের মৌজা হেডম্যান ও কারবারীসহ প্রজারা নগদ টাকা, জুমে উৎপাদিত নানা শষ্য, মুরগী ও চোলাই মদসহ বিভিন্ন উপঢৌকন রাজার হাতে তুলে দেন।
তিন দিনব্যাপী রাজপুন্যাহ মেলা উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবছরও থাকছে সার্কাস, মৃত্যুকূপ, হাউজি খেলা, পপসংগীতসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজার হাতে খাজনা তুলে দিতে এবং রাজাকে এক নজর দেখতে জেলার বিভিন্ন উপজাতীয় পল্লী থেকে হাজার হাজার নারী-পুরুষ বান্দরবানে অবস্থান এসেছে। এছাড়াও রাজপুন্যাহ মেলা দেখতে বান্দরবানে ভিড় জমিয়েছে হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক।
এদিকে রাজপুন্যাহ মেলাকে ঘিরে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন কঠোর নিরাপত্তা জোরদার করেছে।
আরও পড়ুন: দুই শিশুকে ‘বীর সৈনিক’ উপাধি দিল রেলওয়ে







