মহান বিজয় দিবস উপলক্ষে ফেনী কারাগার থেকে তিন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিদের্শে তাদের মুক্তি দেওয়া হয়। ফেনী কারাগারের জেলার শংকর কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।
মুক্তিপ্রাপ্তরা হলো - চট্টগ্রামের বাঁশখালী থানার চাঁদপুর গ্রামের ৮৫ বছরের বৃদ্ধ মাহবুবুল প্রকাশ রফিক। ফুলগাজীর পৈথারা গ্রামের আবদুল মজিদ ভূঞার ছেলে আবদুস সালাম ভূঞা। সোনাগাজীর চরছান্দিয়ার আবদুল আহাদের ছেলে মো. হানিফ।
এর মধ্যে পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত রফিক ১ বছর ৭ মাস ১৫ দিন কারাভোগ করে। দুই বছরের দণ্ডপ্রাপ্ত সালাম ১ বছর ৯ মাস ২০ দিন কারাভোগ করে। ৪ বছরের দণ্ডপ্রাপ্ত হানিফ থেকে ৩ বছর ৫ মাস কারাভোগ করে।
জেলার শংকর কুমার বলেন, 'তিন কারাবন্দির মুক্তি সংক্রান্ত ঘটনায় গত ৬ নভেম্বর জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক মহান বিজয় দিবস উপলক্ষে তিনজনকে মুক্তি দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়। প্রতিবেদনের আলোকে সরকার ফৌজদারি কার্যবিধি-৪ (১) ধারা ক্ষমতাবলে তিন জনকে মুক্তি দেওয়া হয়।'







