চট্টগ্রাম নগরীর কুসুমবাগ এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শিশুসহ মা দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকার গরিবুল্লাহ শাহ হাউজিং সোসাইটির গোলাম মহিউদ্দিন বাবুলের বাসায় এ দুর্ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা ওই বাসায় ভাড়া থাকতেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য জানিয়েছেন।
অগ্নিদগ্ধরা হলেন- তানবীরা আক্তার রিয়া (৩৫), তার মেয়ে তানজিনা (১৩) ও ছেলে তানজীব হাসান (৮)। তাদের মধ্যে রিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাবুলের মালিকাধীন ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিদগ্ধরা ভাড়া থাকতেন। বৃহস্পতিবার সকালে বাসার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে তারা তিন জন আহত হন। দুপুর ১২টার দিকে তাদেরকে হাসপাতালে আনা হয়। বর্তমানে তারা হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।’
হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ এস খালেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অগ্নিদগ্ধদের মধ্যে মায়ের অবস্থা আশংকাজনক। তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। অপর দুই জনের মধ্যে ছেলের ৩৫ শতাংশ এবং মেয়ের ১৫ শতাংশ শরীর পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্যে তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।’








