সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় নিহত ইতালি প্রবাসী গৃহবধূ তানিয়ার ব্রাহ্মণবাড়িয়ার বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের কনিষ্ঠ সন্তানকে হারিয়ে পরিবারের সদস্যরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। শহরের মুন্সেফ পাড়ার ‘ইন্দ্রপুরী’ বাড়িতে বিরাজ করছে শোকাবহ পরিবেশ।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া শহরের রহমানিয়া ফার্মেসির মালিক জিল্লুর রহমানের ছোট মেয়ে তানিয়া হোসেন স্বামীর সঙ্গে ইতালিতে থাকতেন। গত ২৩ ডিসেম্বর তানিয়া তার স্বামী ও সন্তানসহ ওমরা হজ পালনে ইতালি থেকে সৌদি আরবে যান। ওমরা পালন শেষে গত বৃহস্পতিবার রাতে মদিনায় যাওয়ার পথে তাদের বহন করা প্রাইভেটকারটি দুর্ঘটনায় কবলে পরে। এতে ঘটনাস্থলেই তানিয়া ও তার বড় ছেলে ইউসা হোসেন প্রাণ হারান।
দুর্ঘটনায় পর তানিয়ার স্বামী নিলয় হোসেন এবং ছোট ছেলে আযান হোসেনকে স্থানীয় বাদশা ফয়সাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে গতকাল শুক্রবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় ছোট ছেলে আযান হোসেন মারা যান। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় স্বামী নিলয় হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত তানিয়া চার ভাই তিন বোনের মধ্যে সবার ছোট। আগামীকাল ৩১ ডিসেম্বর তানিয়ার স্বামী সন্তানসহ ব্রাহ্মণবাড়িয়া আসার কথা ছিল। পরিবারের ইচ্ছা অনুযায়ী নিহতদের মরদহে সৌদি আরবেই দাফন করার কথা রয়েছে।








