ভারত, মালয়েশিয়া ও আমেরিকায় নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন হয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘বেগম জিয়া বলেছিলেন শেখ হাসিনার অধীনে নির্বাচন করবেন না। কিন্তু, শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে। সংবিধানের বাইরে আমরা যাব না। সংবিধানের বাইরে যাওয়ার কোনও অধিকার নেই আমাদের।’
বুধবার (২৪ জানুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৫০ শয্যাবিশিষ্ট আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন শেষে সুধী সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। ১৮ কোটি টাকা ব্যয়ে পাঁচ একর জায়গার ওপর হাসপাতালটি নির্মিত হয়েছে।
মোহাম্মদ নাসিম বলেন, ‘‘তত্ত্বাবধায়ক সরকার মরে গেছে। গোরস্থানে চলে গেছে। নির্বাচন এই সরকারের অধীনেই হবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। খেলা হবে মাঠে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন, ‘বিজয়ের মাস ডিসেম্বরেই আগামী নির্বাচন হবে।’ দেখবেন কে জেতে কে হারে। খালেদা জিয়াকে বলতে চাই, মাঠ ছেড়ে পালাবেন না। আমরা চাই, দয়া করে বিএনপি নির্বাচনে আসুক।’’
খালেদা জিয়ার উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনি জ্বালাও-পোড়াও করেছিলেন। হাজার-হাজার মানুষকে হত্যা করেছিল আপনার দল। আপনার ভাগ্য ভালো, বিচার এখনও শুরু হয়নি। দুনিয়ার অন্য কোনও স্থানে হলে আপনার বিচার করতো। আমি নিজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আগুনে পুড়ে যাওয়া মানুষগুলোকে দেখেছি। তাদের আর্তনাদ শুনেছি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এমএ মহী, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) জেলা শাখার সভাপতি ডা. আবু সাঈদ।








