দুদকের করা পৃথক দু’টি মামলার পলাতক আসামি রায়পুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. দেলোয়ার হোসনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা সড়কের নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাঙামাটি জেলার লংগদু উপজেলায় দায়িত্বে থাকাকালে কর্মসংস্থান কর্মসূচি ও মৎস্য প্রকল্পের টাকা আত্মসাতের ঘটনায় মামলা দুটি করে রাঙামাটি জেলার দুর্নীতি দমন কমিশন। ওই মামলায় দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম তাকে গ্রেফতার করে রায়পুর থানা পুলিশের কাছে সোপর্দ করে। রাঙামাটি জেলা দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা ও দুদক কর্মকর্তা সূত্রে জানা যায়, ২০১০-১১ ও ২০১১-১২ অর্থবছর দুই দফা হতদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি ও মৎস্য প্রকল্পের ৪৩.২০ মেট্রিক টন চাল আত্মাসাৎ হয়। সাবেক এক ইউপি সদস্য দুর্নীতি দমন কমিশনের কাছে ওই চাল লংগদু উপজেলায় দায়িত্বরত পিআইও দেলোয়ার হোসেন আত্মসাৎ করেছেন বলে পৃথক দুটি অভিযোগ করেন।
রাঙামাটি জেলা দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘গ্রেফতারকৃত দেলোয়ার আমাদের দু’টি মামলার পলাতক আসামি। তাকে গ্রেফতার করে রায়পুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’
আরও পড়ুন: সাভার ও আশুলিয়ায় বিএনপির ১৫ নেতাকর্মী আটক








