চট্টগ্রামে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির এক নারী কর্মীসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাতকেও আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে বিএনপি কার্যালয়ের সামনে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জড়ো হয়। এসময় পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে কার্যালয়ের ভেতরে ঢুকিয়ে দিতে চাইলে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ নেতাকর্মীদের সেখান থেকে সরিয়ে দেয় এবং নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত এবং এক নারী কর্মীসহ ৮ জনকে আটক করে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার এসএম কাজী মোস্তাইন হোসেন বলেন, 'দুপুর বেলা বিএনপির কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হয়ে আমাদের উপর হঠাৎ করে ঢিল নিক্ষেপ করে। এসময় আমরা তাদেরকে সরিয়ে দিতে গেলে তারা হামলা করে। তাদের হামলায় আমাদের ৮-১০ জন পুলিশ সদস্য আহত হয়েছে। পরে বিএনপির কএকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে।’








