খালেদা জিয়া ও তারেক রহমানকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে চাঁদপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করতে চাইলেও পুলিশের বাধায় পারেনি।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুর থেকে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে শহরের লেকেরপাড় এলাকায় হাসান আলী স্কুল মাঠে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। এর আগে থেকেই পুরো এলাকা ঘিরে রাখে পুলিশ। এ সময় তারা বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে শুরু হয় হট্টগোল। শেষে পুলিশি পাহারায় বিএনপি নেতাকর্মীরা ফিরে যান। তবে গত ২৪ ঘণ্টায় চাঁদপুরের বিভিন্ন স্থান থেকে বিএনপির ৩১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এছাড়া শুক্রবারও শহরের শপথ চত্বর এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে।
চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সজাগ রয়েছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।







