লক্ষ্মীপুরের রামগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামী মো. শাহীন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. আবুল কাশেম এই রায় দেন। এছাড়া আসামিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সাজাপ্রাপ্ত মো. শাহীন মিয়ার বাড়ি রামগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর রাতে পারিবারিক কলহের জের ধরে শাহীন তার স্ত্রী শিখা আক্তারকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করলে পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ১৮ সেপ্টেম্বর নিহত শিখা আক্তারের বাবা মো. সিরাজ উল্যাহ বাদী হয়ে শাহীন মিয়াকে আসামি করে আদলতে মামলা করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে আজ এই রায় দেন।
লক্ষ্মীপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।







