চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাস খুনের ঘটনায় রুবেল দে (২৫) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০১ মার্চ) ভোরে নগরীর পাঁচলাইশ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সদরঘাট থানার ওসি মো. নেজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে।
নেজাম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্রেফতার রুবেল ২০১৪ সালের ১৪ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাপস সরকার হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। রুবেল দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। ’
তিনি আরও বলেন, ‘এই মামলা গ্রেফতার অন্যদের জবানবন্দিতে তার নাম পরিকল্পনাকারী হিসেবে উঠে এসেছে। হত্যাকাণ্ডের সময় সে ঘটনাস্থলে ছিল এমন তথ্য প্রমাণ পেয়ে আমরা তাকে গ্রেফতার করেছি। ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে দুপুরে আদালতে পাঠানো হবে।’
গত ৬ অক্টোবর সকালে নগরীর সদরঘাট থানাধীন দক্ষিণ নালাপাড়া এলাকায় বাসার সামনে সুদীপ্ত বিশ্বাস খুন হন। নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমুর অনুসারী হিসেবে পরিচিত সুদীপ্ত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর রাজনীতি করতেন। এ ঘটনায় সাত-আটজনকে অজ্ঞাত আসামি করে তার বাবা বাবুল বিশ্বাস সদরঘাট থানায় মামলা দায়ের করেন। ১৩ অক্টোবর ওই মামলায় পুলিশ মোক্তার হোসেন নামে একজনকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৭ অক্টোবর পুলিশ আমির হোসেন ওরফে বাবু ও খাইরুল ইসলাম ওরফে খায়েরকে গ্রেফতার করে। তাদের মধ্যে মোক্তার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে সে খুনের বিষয়টি স্বীকার করেছে। তার জবানবন্দিতে পরিকল্পনাকারী হিসেবে রুবেল দে’র নাম উঠে আসে। এ ঘটনায় পুলিশ গত ২২ অক্টোবর ফয়সাল আহমেদ নামে আরও একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রুবেল দে নগরীর লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের অনুসারী।
আরও পড়ুন: মালিতে নিহত রায়হানের বাড়িতে এখন শুধুই কান্না আর আহাজারি








