‘ভিক্ষাবৃত্তি জীবন নয়, জীবন হোক কর্মময়’ স্লোগানে নোয়াখালীতে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে সদর উপজেলার ১১টি ইউনিয়নের ১২১জন ভিক্ষুককে পুনর্বাসনের আওয়তায় আনা হয়েছে। জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন ও সংশ্লিষ্ট উপজেলা পরিষদের আর্থিক সহযোগিতায় তাদের পুনর্বাসন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। তিনি ভিক্ষুকদের হাতে রিকশা, সেলাই মেশিন, ছাগল, হাঁস-মুরগী, শাড়ি-চুড়ি, চায়ের ফ্লাক্স-কাপ ও হোগলা পাতা তুলে দেন।
নোয়াখালী জেলার ৯টি উপজেলায় প্রাথমিক পর্যায়ে ৫ হাজার ৮২১ জন ভিক্ষুকের তালিকা করা হয়েছে।
নোয়াখালী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার।
ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির ওপর প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আবদুর রউফ মন্ডল ও স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম সরদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী ড. মাহে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আবদুর রউফ মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উদয়ন দেওয়ান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন ও অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম। এছাড়া ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেন।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন জানান, পুনর্বাসিত ভিক্ষুকদেরকে সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় সুবিধা দেওয়া হবে। তাদের সার্বক্ষণিক মনিটরিং করা হবে।








