ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচন পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতির কারণে সেখানকার ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে পণ্য আমদানি বন্ধ রেখেছেন। এ কারণে সোমবার (৫ মার্চ) থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। এতে আখাউড়া স্থলবন্দরে আটকা পড়ে আছে অন্তত অর্ধশতাধিক পণ্যবাহী ট্রাক।
আখাউড়া স্থলবন্দরের আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, গত ৩ মার্চ ভারতের ত্রিপুরায় বিধানসভার নির্বাচনের ফল ঘোষণার পর থেকে সেখানে সরকারপন্থী এবং বিরোধীদের মধ্যে সহিংসতা চলছে। এমন পরিস্থিতিতে ভারতীয় ব্যবসায়ীরা কোনও ধরনের ঘোষণা ছাড়াই বাংলাদেশ থেকে সব ধরনের পণ্য আমদানি বন্ধ করে দিয়েছেন। ফলে সোমবার থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।
বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা ও ব্যবসায়ী নেতা আব্বাস উদ্দিন ভুইয়া জানান, অঘোষিত এই অচল অবস্থার কারণে আখাউড়া স্থলবন্দর এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অন্তত অর্ধশতাধিক ট্রাক আটকা পড়েছে। কখন বাংলাদেশ থেকে তারা পণ্য আমদানি শুরু করবে এ বিষয়ে স্পষ্ট কোনও ধারণা পাওয়া যাচ্ছে না।
স্থলবন্দরের ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, চলমান পরিস্থিতির কারণে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের চলাচলও তুলনামূলকভাবে কমে গেছে।








