বান্দরবানের থানচি উপজেলার গালাঙ্গ্যা ইউনিয়নে সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি একে ৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে।
বিজিবিসূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পাঁচ সদস্যের একটি সশস্ত্র সন্ত্রাসী দল থানচি উপজেলার গালাঙ্গ্যা ইউনিয়নের জয়থুন পাড়ায় অবস্থান করছে এমন খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে ঘণ্টাব্যাপী গুলি বিনিময় হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি একে ৪৭ রাইফেল উদ্ধার করে।
এ বিষয়ে থানচিতে বিজিবি ৩৩ ব্যাটালিয়ান জোনাল কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল হাবিবুর হাসান (পিএসসি) বলেন, ‘পাঁচ জনের মধ্যে অন্তত তিন জন সশস্ত্র ছিল। তাদের সঙ্গে গুলি বিনিময়ের পর ঘটনাস্থল থেকে একটি অস্ত্র উদ্ধার করি। জেলার থানচি উপজেলার বিভিন্ন এলাকায় দেশীয় সশস্ত্র গ্রুপের পাশাপাশি মিয়ানমারের বিদ্রোহী বিভিন্ন গ্রুপও সক্রিয় রয়েছে।’







