ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর হিন্দুপাড়ায় মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী জোৎস্না বেগম নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ মে) ভোররাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই স্বামী স্বামী সাত্তার মিয়া ও তার স্বজনরা পলাতক রয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, সংসারের হাল ধরতে হাঁস-মুরগি পালন করে চার সন্তানকে নিয়ে পরিবার চালাচ্ছিলেন জোৎস্না বেগম। সম্প্রতি গ্রামের একটি সমিতি থেকে নিজের জমানো ১ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করেন তিনি। অধিক লাভের কথা বলে এই টাকা গৃহবধূর ননদের স্বামী মালেক মিয়াকে দেওয়ার জন্য জোৎস্নাকে চাপ দেয় তার স্বামী সাত্তার। কিন্তু এতে সায় না দেওয়ায় ভোররাতে জোৎস্নাকে ছুরিকাঘাতে খুন করে স্বামী সাত্তার মিয়া।
এ বিষয়ে বড় মেয়ে সুমি আক্তার ও ছোট মেয়ে নাসরিন জানান, তার মা অনেক কষ্ট করে এই সংসার টিকিয়ে রেখেছিলেন। তাদের বাবা নেশাসক্ত হলেও মা প্রতিকূলতার মধ্যে গ্রামে সমিতি করে ১ লাখ ৪০ হাজার টাকা জমিয়ে ছিলেন। এই টাকা তার বাবা আর ফুফা নেওয়ার চেষ্টা করে। কিন্তু মা সেই টাকা দিতে না চাইলে বাবা ছুরিকাঘাতে মাকে হত্যা করে।
নিহত জোৎস্নার বাবা আব্দুল মন্নাফ ও মা শাহারা খাতুন এই ঘটনায় ঘাতক সাত্তারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তমাখা কাপড়সহ আলামত জব্দ করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, ঘটনার পর থেকে সাত্তার ও তার স্বজনেরা পলাতক। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।







