ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় সড়কের পাশ থেকে মো. রাজিব (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ মে) বেলা ১১টার দিকে উপজেলার ছোট দারোগাহাট গুলগুলা বাজার এলাকায় মহাসড়কের পূর্বপাশের বিল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক মোহাম্মদ ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত যুবক সীতাকুন্ড পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব চৌধুরীপাড়ার বাসিন্দা মো. হানিফের ছেলে।
তিনি জানান, মরদেহের পরনে থাকা লুঙ্গির গোছায় দুই হাজার পিস ইয়াবা পাওয়া গেছে।
ইকবাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। গুলিবিদ্ধ অবস্থায় লাশটি পাওয়া যায়। মরদেহের মাথার পেছনে ও পিঠে গুলির চিহ্ন রয়েছে।
সে চলমান মাদকবিরোধী অভিযানে মারা গেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘তার মৃত্যুর কারণ জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’







