খাগড়াছড়ির মহালছড়িতে দশম শ্রেণির তিন ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চার তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে মামলা দায়েরের পর অভিযুক্ত চার তরুণকে গ্রেফতার করে পুলিশ। বুধবার সকালে ধর্ষণের শিকার তিন ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মহালছড়ির মাইসছড়ি ইউনিয়নের মানিকছড়ির মুখপাড়া এলাকায় গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশে স্কুলের মাঠে বসে আড্ডা দিচ্ছিল দশম শ্রেণির তিন ছাত্রী। এ সময় স্থানীয় থুইচিং মারমা, সাথিং মারমা, হৃদয় চাকমা ও সাইফুল মারমা জোরপূর্বক পাশের সেগুন বাগানে নিয়ে তাদের ধর্ষণ করে। স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ধর্ষকরা পালিয়ে যায়। কিশোরীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহালছড়ি থানার ওসি নুরে আলম জানান, রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত চার তরুণকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় একজন ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা করেছেন। গ্রেফতারকৃতদের আদালতে এবং ভিকটিমদের ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।







