শিশু সন্তানকে জিম্মি করে তার মায়ের কানের দুল ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিন তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ মে) রাতে অভিযান চালিয়ে কোতোয়ালি থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন এ তথ্য জানিয়েছেন। ছিনতাই হওয়া কানের দুল উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
গ্রেফতার তিনজন হলেন জান্নাতুল ফেরদৌস ওরফে কেয়া (২০), শাহনাজ আক্তার (১৮) ও পিংকি আক্তার ওরফে স্বপ্না (১৮)। এদের মধ্যে কেয়া নগরীর বাকলিয়া এলাকার বাসিন্দা শাহজাহানের মেয়ে। অপর দুইজনের বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বার এলাকায়।
মোহাম্মদ মহসিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার বিকালে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। ওই দিন গ্রেফতার তিনজন নগরীর বলুয়ার দিঘির পাড় এলাকার বাসিন্দা মো. বশিরের ৮ বছর বয়সী মেয়েকে তার মায়ের বান্ধবী বলে ভাব জমায়। পরে তাকে জিম্মি করে তার মায়ের কাছ থেকে ছয় আনা ওজনের স্বর্ণের কানের দুল নিয়ে যায়। এ ঘটনায় মেয়েটির বাবার কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া কানের দুল উদ্ধার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘গ্রেফতার তিনজন শিশু ও নারীদের টার্গেট করে ভাব জমিয়ে সংঘবদ্ধভাবে চুরি, ছিনতাই করতো। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’








