ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইল কান্দি এলাকায় লাইনচ্যুত জ্বালানি তেলবাহী ৯টি বগির উদ্ধার কাজ শুরু হয়েছে। বগিগুলো লাইনচ্যুত হওয়ার সাড়ে আট ঘন্টা পর রবিবার (১ জুলাই) সকাল সাড়ে ৬টা থেকে আখাউড়া থেকে একটি এবং ঢাকার কমলাপুর থেকে অপর একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।উদ্ধার কাজ শুরু পর থেকে ওই লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত উদ্ধার কাজে নিয়োজিত রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট রাশিদা সুলতানা গনি জানান, একটি লাইন সচল থাকায় রাত পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। সকাল সাড়ে ৬টার দিকে আখাউড়া থেকে একটি এবং ঢাকা কমলাপুর থেকে অপর একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। তবে উদ্ধার কাজ শুরুর পর থেকে দুটি লাইনে (আপ এবং ডাউন)ট্রেন চলাচল বন্ধ রেয়েছে।
রাশিদা সুলতানা গনি আরও জানান দুর্ঘটনা তদন্তে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে তাদেরকে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইল কান্দি এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের জ্বালানি তেলবাহী ৯টি বগি শনিবার (৩০ জুন)রাত সাড়ে ১০টার দিকে লাইনচ্যুত হয়ে পাশে ছিটকে পড়ে যায়। পরে তেলের ট্যাংক লিকেজ হয়ে তেল পাশের জলাশয়ে পড়তে থাকে। স্থানীয়রা জ্বালানি তেল সংগ্রহ করার জন্যে সেখানে ভিড় করেন। ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পাশাপাশি আগুনের ঝুঁকি থাকায় পুরো এলাকা ঘিরে রাখেন। পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।







