নারায়ণগঞ্জ শহরের কালিরবাজারের স্বর্ণ মার্কেট থেকে ১৭ দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষের সন্ধানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, জুয়েলারি মালিক সমিতি ও স্বর্ণ শিল্পী শ্রমিকরা। বুধবার বেলা ১১টার দিকে তারা মার্কেটের সব দোকান বন্ধ রেখে প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন। এসময় নিখোঁজ প্রবীর চন্দ্র ঘোষকে দ্রুত উদ্ধারের দাবি জানানো হয়। অন্যথায় সংগঠনগুলোর কেন্দ্রীয় কমিটির মাধ্যমে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয়। মানববন্ধনে নিখোঁজ প্রবীর ঘোষের স্বজনরাও অংশ নেন।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি গোপী নাথ দাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, ‘প্রবীর চন্দ্র ঘোষ ১৭ দিন ধরে নিখোঁজ থাকলেও পুলিশ তার সন্ধানের ব্যাপারে কোনও ব্যবস্থা না নিয়ে উল্টো নানা ধরনের বিভ্রান্তি সৃষ্টি করছে। নিখোঁজ প্রবীর ঘোষকে দ্রুত ফিরিয়ে আনতে সরকারের কাছে সহযোগিতা কামনা করছেন তার স্বজনরা।’
মানবন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন। পরে তাদের পক্ষ থেকে কয়েকজন নেতা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন।
গত ১৮ জুন রাত সাড়ে ৯টায় নগরীর বালুরমাঠ এলাকার নিজ বাসা থেকে কালিরবাজার এসে নিখোঁজ হন প্রবীর চন্দ্র ঘোষ। রাতে তার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনার পর ১৯ জুন প্রবীর ঘোষের বাবা নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারন ডায়রি করেন।







