খাগড়াছড়ির দীঘিনালার নয়মাইল এলাকায় পুনাতি ত্রিপুরা নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টায় নয়মাইলের তপন কুমার কার্বারিপাড়া এলাকা থেকে পুলিশ ওই ছাত্রীর লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় পুনাতি ত্রিপুরার মা বাড়ি ফিরে মেয়েকে না পেয়ে স্থানীয়দের সহায়তায় খোঁজাখুজি করে। রাত সাড়ে ১০টার দিকে বাড়ির নিচের জঙ্গলে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়া হয়।
পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই বাড়ির নিচের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে। রবিবার সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুনাতি ত্রিপুরাকে হত্যার প্রতিবাদে রবিবার সকাল থেকে খাগড়াছড়ির দীঘিনালা আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ও ডাল ফেলে অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। বেলা সাড়ে ১২টার দিকে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে দীঘিনালা, সাজেক, বাঘাইছড়ি ও লংগদু রোডের যান চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনায় খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নয়নময় ত্রিপুরাকে প্রধান করে চার সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।
খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহমদ খান বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না।’







