কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল এলাকায় যাত্রীবাহী বাস খাদে পরে কমপক্ষে ৩৮ যাত্রী আহত হয়েছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই আহত যাত্রীদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক ইন্সপেক্টর আহাম্মদ নূর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, ভোর পৌনে ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া খরমপুর কল্লাশাহর মাজার জিয়ারত শেষে যাত্রীবাহী বাসটি নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদের পরে যায়। এতে বাসের ৩৮ যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা স্থলে এসে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে
আসে। এর মধ্যে গুরুতর আহত ৬ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা সবাই আশঙ্কা মুক্ত বলে জানা গেছে। পরে রেকারের মাধ্যমে বাসটি উদ্ধার করা হয়। উদ্ধার কাজ চলাকালে মহাসড়কে অন্তত এক ঘণ্টা যান চলাচল বন্ধছিল। এতে মহাসড়কের দুই পাশে অন্তত দুই কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়।
ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক ইন্সপেক্টর আহাম্মদ নূর জানান, দুর্ঘটনা কবলিত বাসটি রেকারের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপর বাস চালক পালিয়ে গেছে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার স্টেশনের লিডার এসএম শামিম জানান, দুর্ঘটনার পর আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের পর আমারা বাসের উপর ও নিচে কোনো যাত্রী আছে কিনা তা তল্লাশি করেছি। কাউকে পাওয়া যায়নি।







