কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যান পোড়ানোর মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে অধিকতর শুনানির জন্য ১২ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়ার পক্ষে জামিন শুনানি হয় কুমিল্লার আদালতে। শুনানি শেষে রাষ্ট্রপক্ষ অধিকতর শুনানির আবেদন করলে কুমিল্লা জেলা ও দায়রা জজের বিচারক কে এম সামছুল আলম কোনও আদেশ না দিয়ে ১২ সেপ্টেম্বর অধিকতর শুনানির দিন ধার্য করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইজীবী ও কুমিল্লা কোর্টের পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন এবং খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ জানুয়ারি রবিবার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা সদরের পৌর এলাকার হায়দারপুলে একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ২০১৫ সালের ২৬ জানুয়ারি সোমবার চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে থানায় বিএনপি চেয়ারপারসনসহ ২০ দলের স্থানীয় ৩২ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতায় হুকুমের অভিযোগ আনা হয়।







