খাগড়াছড়ির গুইমারায় হাতকড়াসহ পুলিশের কাছ থেকে অপরাধীর পলায়নের অভিযোগ উঠেছে। শনিবার রাতে গুইমারার রামচু বাজারে এঘটনা ঘটে। তবে গুইমারা থানার ওসি গিয়াস উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি অস্বীকার করেছেন।
স্থানীয়রা জানান, গুইমারা থানাধীন রামচু বাজারে জুয়ার আসর থেকে পুলিশের এএসআই মো. ফারুকের নেতৃত্বে ক্যাউজপ্রু মারমা নামে এক জুয়ারিকে আটক করা হয়। আটকের পর তাকে হাতকড়া পড়িয়ে নিয়ে যাওয়ার সময় সে হাতকড়াসহ পালিয়ে যায়। পালানোর সময় সে হাতকড়া খুলে ফেলে দেয়। পরে পুলিশ সেটি উদ্ধার করে।
গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান উসেপ্রু মারমা অভিযোগ করে বলেন, ‘গুইমারা এখন জুয়ার স্বর্গরাজ্য। প্রতিটি পাড়ায় উন্মুক্ত জুয়ার আসর বসছে। রামচু বাজারে পুলিশের কাছ থেকে জুয়ারি পালিয়েছে। জুয়ার অভিশাপ থেকে গুইমারাবাসীকে মুক্ত করতে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন বলেন, হাত কড়াসহ অপরাধী পালিয়ে যাওয়ার বিষয়টি আমি শুনিনি। খবর নিয়ে জানাতে হবে।








