ফেনী সদরের লেমুয়া এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. কবির হোসেন (৩৫) নামে আরও এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে দাবি করেছে র্যাব। বুধবার (৫ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। র্যাব-৭ এর অধিনায়ক শাফায়েত জামিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার রাতে সদরের সুলতানপুর এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সুমন প্রকাশ লাল সুমন নিহত হয় ।
র্যাব-৭ এর অধিনায়ক শাফায়েত জামিল বাংলা ট্রিবিউনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদরের লেমুয়া এলাকায় র্যাব-৭ এর সদস্যরা অভিযান চালায়। সেখানে র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা। পরে র্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলির ঘটনার পর মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে এক মাদক ব্যবসায়ী মো. কবির হোসেনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে আনুমানিক এক লাখ ৮০ হাজার পিস ইয়াবা, ১টি ওয়ান শ্যুটার গান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন- ফেনীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত








