নোয়াখালীর হাতিয়ার চর কিং ইউনিয়নের ব্রিজবাজার এলাকা থেকে বুধবার ভোর রাতে অস্ত্রসহ ৭ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। এসময় জলদস্যুদের কাছ থেকে ৬টি বন্দুক, ১০টি কার্টুজ ও ৫টি রামদা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন, উপজেলার চরখিল এলাকার আব্দুল মোতালেবের ছেলে সাহাব উদ্দিন (৪০), নেছার (২৬), মনছুর আহমদের ছেলে হেলাল উদ্দিন (২৯), আলা উদ্দিনের ছেলে জামশেদ হোসেন (২০), শাহজাহানের ছেলে বাহার উদ্দিন (৩৫), ওজি উল্যার ছেলে দেলোয়ার হোসেন (৪২) ও তহসিল আহমদের ছেলে মাহমুদুল হক (৫৮)।
হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাহবুবুল আলম শাকিল জানান,আটককৃতরা হাতিয়ার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে ব্রিজ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময়,একটি দোকানে বসে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ ৭ ডাকাতকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা করার পর হাতিয়া থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান।
হাতিয়া থানায় সহকারী উপ-পরিদর্শক মোজাম্মেল হক জানান, এখন পর্যন্ত আটককৃত কাউকে থানায় হস্তান্তর করা হয়নি।








