ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বগডহর গ্রামে দগ্ধ হয়ে ইলমা আক্তার নামে নয় মাস বসয়ী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা রবিউল্লা ও ভাই গোলাম রাব্বি (৪) দগ্ধ হয়েছে। এরমধ্যে রাব্বিকে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (৭ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম বলেন, ‘বগডহর গ্রামের মাঝি রবিউল ভোরে নাস্তা খেয়ে নদীতে মাছ ধরতে যান। ভোররাতে রবিউলের স্ত্রী রুমা আক্তার চুলায় রান্না বসিয়ে টয়লেটে যান। এসময় এলপি গ্যাসের সিলিন্ডারে পাইপ লিকেজ হয়ে আগুন ধরে যায়। এতে ঘরে ঘুমিয়ে থাকা শিশু ইলমা ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় রবিউল্লা ও তার ছেলে রাব্বিও দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করেন।’








