বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে আদালত ফরমায়েশি রায় দিয়েছে এমন অভিযোগ এনে এ রায়ের প্রতিবাদে লক্ষ্মীপুরে পৃথক দুটি বিক্ষোভ মিছিল করেছে যুবদল। এর একটি মিছিলে পুলিশ ধাওয়া দিয়ে লাঠিচার্জ করায় যুবদলের ৫ কর্মী আহত হয়েছেন।
আজ রবিবার (১৪ অক্টোবর) সকালে জেলা যুবদলের উদ্যোগে শহরের উত্তর তেহমুনী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে আলীয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় পৌঁছলে টহল পুলিশের একটি দল মিছিলের পেছন দিকে লাঠিচার্জ ও ধাওয়া করে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় যুবদলের অন্তত ৫ জন নেতাকর্মী আহত হয়।
জেলা যুবদল সভাপতি রেজাউল করিম লিটন, যুবদলের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ দিকে শহরের জেলা বিএনপির অফিসের সামনে থেকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকনের নেতৃত্বে আরও একটি মিছিল দক্ষিণ তেমুহনীতে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহিন, পৌর যুবদলের সভাপতি আব্দুল আলীম হুমায়ুন, সিনিয়র সহসভাপতি মুনছুর আহমেদ, সদর উপজেলা পশ্চিম সভাপতি মহিউদ্দিন বিটু, সাধারণ সম্পাদক এম এ মোমিন প্রমুখ।








