রাঙামাটির কাউখালি উপজেলায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতির উপজেলা সভাপতি সুভাষ চাকমাকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। বুধবার (২৪ অক্টোবর) দুপুরে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি কৃষ্ণমাছড়ড়ি এলাকা থেকে যৌথবাহিনীর অভিযানে সুভাষ আটক হন। নানিয়রচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমার হত্যা মামলায় তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, নানিয়রচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমার হত্যা মামলায় অন্যতম আসামি হিসেবে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতির এই নেতাকে গ্রেফতার করা হয়েছে।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, ‘আমাদের কাছে যতটুকু তথ্য আছে সুভাষ চাকমা নানিয়রচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমার হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন আসামি। তাই তাকে আটক করা হয়েছে।’
গত ৩ মে রাঙামাটির নানিয়রচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমাকে দুবৃর্ত্তরা উপজেলা পরিষদের সামনে থেকে হত্যা করে পালিয়ে যায়।








