বিস্ফোরক আইনের শর্ত লংঘন করে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ বিভিন্ন অপরাধে ৮টি প্রতিষ্ঠানকে ৬৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার (৩১ অক্টোবর) চট্টগ্রাম নগরীর ইপিজেড ও ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় সহকারী পরিচালক নাসরিন আক্তার বাংলা ট্রিবিউনকে জানান, সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইপিজেড ও ডবলমুরিং এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১২ প্রতিষ্ঠান পরিদর্শন করে ৮টি প্রতিষ্ঠানকে মোট ৬৯ হাজার টাকা জরিমানা করা হয়। কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করে দেওয়া হয়েছে।
নাসরিন আক্তার জানান, নগরীর ইপিজেড ও ডবলমুরিং থানা এলাকায় তিনটি তদারকিমূলক অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। দণ্ডিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ করায় ইপিজেড এলাকার সোহান ফার্মেসিকে ৫১ ধারায় ১০ হাজার, দই চিড়া সুইটস অ্যান্ড বিরানি হাউজকে রঙ মিশ্রিত মটর ডাল খাবারে ব্যবহার করায় ১৫ হাজার, বিস্ফোরক আইনের শর্ত লংঘন করে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির জন্য মজুদ করায় ডবলমুরিং এলাকার মেট্রো ট্রেডিং হাউসকে ৫২ ধারায় ১০ হাজার, অবৈধভাবে ওয়াসার পানি বোতলজাত করে বিক্রি, কাপড়কাচা পাউডার ব্যবহার করে পানির জার পরিষ্কার করায় এভারগ্রিন ড্রিংকস অ্যান্ড বেভারেজকে ৪৩ ধারায় ২০ হাজার ও ওজনে কারচুপি করায় ৪৭ ধারায় ৫ হাজার; মিজান পোলট্রিকে একই ধারায় ২ হাজার, বেশি দামে কোমল পানীয় বিক্রি করায় ৪০ ধারায় হলমার্ক রেস্টুরেন্টকে ২ হাজার এবং পোড়াতেল ও সংবাদপত্রের কাগজ ব্যবহার করায় হাজীপাড়ার মালঞ্চ ফাস্টফুডকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও খবর: ভোক্তা অধিকার আইনে তিন প্রতিষ্ঠানকে জরিমানা








