ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রাজধানী ঢাকার বনশ্রী এলাকায় দুই ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারা লংঘনের অপরাধে এই জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল বুধবার (৩১ অক্টোবর) এই অভিযান (বাজার তদারকি) পরিচালনা করেন।
মো. আব্দুল জব্বার মন্ডল জানান, বনশ্রীর তানভীর মেডিক্যাল ও স্কলার ফার্মাকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একজন ভোক্তার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় মিরপুর-১২ এর প্রিন্স কিচেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগকারী ওই ভোক্তাকে জরিমানার ২৫ ভাগ হিসেবে ৫ হাজার টাকা দেওয়া হয়েছে। বাজার তদারকি কাজে এপিবিএন-১১ এর সদস্যরা সার্বিক সহযোগিতা করেছেন।








