সনাতন সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হয়েছে। শ্যামা পূজা উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত বান্দরবান শহরের শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির, নোয়াপাড়া কালি মন্দির, শ্রী শ্রী রক্ষা কালি মন্দির ও সুইস গেইট শ্রী শ্রী কৃষ্ণ মন্দিরসহ বিভিন্ন মন্দিরে মন্দিরে চলছে নানা ধর্মীয় আয়োজন। সন্ধ্যা নামার পর থেকে প্রতিটি সনাতন ধর্মালম্বী পরিবারে জ্বলে ওঠে মোমবাতির আলো। পুজা মণ্ডপে মণ্ডপে জড়ো হয় শত শত ভক্ত প্রদীপ জ্বালিয়ে ও ধুপধুনা দিয়ে কালি মায়ের কাছে প্রার্থনা করে।
রাত দশটা থেকে অমাবস্যা শুরুর পর মধ্যরাত পযর্ন্ত চলে শ্যামা মায়ের পুজা। শ্যামা পূজা উপলক্ষে রাতব্যাপী বিভিন্ন মন্ডপে চলে আরতি প্রতিযাগিতা, ঢাক ঢোল বাজনাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় মায়ের সন্তুষ্টির জন্য বিভিন্ন মন্দিরে মন্দিরে চলে ছাগল বলিদান।
হিন্দু পূরাণ মতে মাকালী দূর্গাদেবীর একটি শক্তি। সংস্কৃত ভাষার কাল শব্দ থেকে কালী নামের উৎপত্তি । কালীপূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়ের জন্য সনাতনী সম্প্রদায়ের ভক্তরা কালীপূজা পালন করে। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা,আদ্যমা, তারামা, চামুন্ডি, ভদ্রকালী,দেবী মহামায়াসহ নানা নামে পরিচিত।








