কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩০টি রোহিঙ্গা ক্যাম্পে কলেরা টিকা খাওয়ানো হচ্ছে। চতুর্থ রাউন্ডে এই কলেরা টিকা পাচ্ছে ২ লাখ ২৪ হাজার ৯৫১ জন। পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পের আশপাশের ১ লাখ ৩ হাজার ৬০৫ জন স্থানীয় জনগোষ্ঠীকেও এই টিকা খাওয়ানো হচ্ছে। এটি চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকা খাওয়ানো হবে। শুক্রবার বন্ধ থাকবে।
শনিবার (১৭ নভেম্বর) দুপুরে উখিয়ার বালুখালী ময়নাঘোনা রোহিঙ্গা শিবিরের স্বাস্থ্য কেন্দ্রে চতুর্থ রাউন্ড কলেরা টিকা ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. আবুল কাশেম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন— কক্সবাজার সিভিল সার্জন ডা. মো. আবদুল মতিন। সঞ্চালনা করেন—সিভিল সার্জন অফিসের মেডিক্যাল কর্মকর্তা ডা. রনজন বড়ুয়া রাজন। এসময় আরও বক্তব্য দেন— উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান, ডিজিএইচএস’ র কর্মকর্তা ডা. এএসএম ইশতিয়াক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা খালিদ আল তাহির, ইউনিসেফ কর্মকর্তা ডা. এ এস এম মাইনুল হাসান। স্বাগত বক্তব্য দেন— উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মান্নান।
তথ্য মতে, রোহিঙ্গা ক্যাম্পে ইতোপূর্বে তিনটি কলেরা টিকা ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। চতুর্থ কলেরা টিকা ক্যাম্পেইন বাস্তবায়ন করছে স্বাস্থ্য বিভাগ ও ইউনিসেফ। এই রাউন্ডের কলেরা টিকা খাওয়াতে কাজ করছে ছয় সদস্যের ৭০টি দল। এছাড়া স্থানীয়দের খাওয়াতে কাজ করছে আরও ১২টি দল। ক্যাম্পে অবস্থিত স্বাস্থ্য সম্পর্কিত স্থাপনাগুলোতে এ টিকা খাওয়ানো হচ্ছে। টিকার আওতায় এসেছে ২০১৭ সালের পর আসা এক বছরের ওপর বয়সী রোহিঙ্গারা।
২০১৭ সালের অক্টোবরের আগে যারা এসেছেন, তাদের ১২ থেকে ২৩ মাসের শিশুদের জন্য একডোজ এবং ক্যাম্প নিকটবর্তী ঝুঁকিপূর্ণ স্থানীয় জনগোষ্ঠীকে একডোজ করে টিকা খাওয়ানো হচ্ছে। আর আগে যারা দুই ডোজ টিকা পেয়েছে, তাদের আর টিকা দেওয়া হচ্ছে না। এছাড়াও এক বছরের কোনও শিশুকে টিকা খাওয়ানো হচ্ছে না।
কক্সবাজারের সিভিল সার্জন বলেন, ‘রোহিঙ্গাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য স্বাস্থ্য বিভাগ বদ্ধপরিকর। সহযোগী সংস্থার সহযোগিতায় ইতোমধ্যে তিনটি ক্যাম্পেইনের মাধ্যমে ৭ লাখ রোহিঙ্গাকে কলেরা টিকা খাওয়ানো হয়েছে। এবার চতুর্থ ক্যাম্পেইনে ২ লাখ ২৪ হাজার ৯৫১ জনকে খাওয়ানো হচ্ছে। সঙ্গে স্থানীয় ১ লাখ তিন হাজার ৬০৫ জনকে টিকা খাওয়ানো হচ্ছে।








